মাদারীপুরের রাজৈরে ৮ কেজি গাঁজাসহ মুকুল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে রাজৈর থানাধীন গঙ্গাবর্দ্দী এলাকার আমগ্রাম সেতুর ঢালে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুকুল শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাগাট গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার শওকত শেখের ছেলে।
মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজৈর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মুকুল শেখের দখল থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
মাদারীপুরের পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মতামত