মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নওপাড়া বাজারে অবস্থিত ‘তামান্না ডেন্টাল কেয়ার’-এর মালিক মাওলানা মনির হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।
প্রতিবাদলিপিতে মাওলানা মনির হোসেন বলেন, ‘তামান্না ডেন্টাল কেয়ার’-এর কার্যক্রম অভিজ্ঞ বি.ডি.এস. চিকিৎসকের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি সিরাজদিখান উপজেলার ভবানীপুর বাজারে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির অনুমোদিত ডিলারের মাধ্যমে দীর্ঘদিন ধরে কার্ডধারী ভোক্তাদের মাঝে চাল বিতরণ করে আসছেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, লৌহজংয়ের জাহিদ নামের এক ব্যক্তি তার ব্যবসায়িক সুনাম ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা তথ্য ও বানোয়াট অপপ্রচার চালিয়ে আসছেন। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।
মাওলানা মনির হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এসব ভিত্তিহীন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, এ ধরনের মিথ্যা ও বানোয়াট অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত