কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মাঝে অল্পসংখ্যক লোক নিয়ে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফজরের নামাজের পর ছোট ছোট মিছিল করে সেগুলোর ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের এসব কর্মকাণ্ডের কিছু কিছু দৃশ্যমান হচ্ছে। অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও বানানোর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যবেক্ষণ করছে।
গুলশানে মিছিলের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দিনের বেলা প্রায় ১১টার দিকে জুমার নামাজ পড়ার কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ওই ঘটনার বিষয়ে গোয়েন্দা তথ্য পুলিশের কাছে ছিল। তবে শুক্রবার পুলিশ হয়তো ধারণা করতে পারেনি যে জুমার নামাজ পড়তে এসে ওই এলাকায় তারা এমন কর্মকাণ্ড করতে পারে।
গুলশানের ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনগত এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় প্রয়োজন।
তিনি জানান, নির্বাচন কমিশনের প্রকাশ করা সম্ভাব্য সময়সূচি এখনো চূড়ান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর সচিবদের অংশগ্রহণে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভার মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মতামত