রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে অংশ নেয়নি সিলেট মহানগর বিএনপি। দলের কয়েকজন সংসদ সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে সিলেটে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফরকে কেন্দ্র করে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিএনপি নেতাদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যথাযথ আলোচনা না করেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। পাশাপাশি দলের অনেক নেতাকে সঠিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এসব কারণে সংবর্ধনায় না যাওয়ার সিদ্ধান্ত নেয় মহানগর বিএনপি।
তবে দলটির নেতারা স্পষ্ট করেছেন, রাষ্ট্রপতির সিলেট সফর বা তার নির্ধারিত কর্মসূচির বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। মূল অসন্তোষ অনুষ্ঠান আয়োজনের পদ্ধতি ও আমন্ত্রণ প্রক্রিয়া নিয়ে।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না। তাদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, নিয়ম মেনে নাগরিক কমিটি গঠন না করেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আয়োজকদের একতরফা সিদ্ধান্তের কারণে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠানটি বর্জন করেছে।
দলের এক জ্যেষ্ঠ নেতা জানান, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে এবং তার মাজার জিয়ারতের সময় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির বিদায়ের সময়ও তারা থাকবেন। তবে সংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ রয়েছে। তার দাবি, আমন্ত্রণপত্র পেলেও সেটি যথাযথ সম্মানের সঙ্গে দেওয়া হয়নি এবং অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার মতো মনে হয়েছে। এছাড়া বিএনপি নেতাদের গাড়ি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, সংবর্ধনায় অনুপস্থিত নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ আরও কয়েকজন নেতা রয়েছেন।
এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মতামত