কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহজালাল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব ধনিরাম গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ওই নারী উপজেলার কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের বাসিন্দা মুসা মিয়ার মেয়ে এবং ইদ্রিস আলীর স্ত্রী। তিনি এক সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর দুপুরে খাওয়াদাওয়া শেষে ওই নারী নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একই এলাকার আহসান আলীর ছেলে শাহজালাল মিয়া তাঁকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে ওই নারীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে শাহজালাল পালিয়ে যান।
ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে। পরে স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ হলে গতকাল মঙ্গলবার ওই নারী ফুলবাড়ী থানায় মামলা করেন।
মামলার পর ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে পূর্ব ধনিরাম গ্রাম থেকে শাহজালাল মিয়াকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, ভুক্তভোগী নারী থানায় মামলা করার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।
মতামত