সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, জিয়াউর রহমানকে গুলি করেছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদের হেলিকপ্টারে করে চট্টগ্রাম যাওয়ার তথ্যও দিয়েছেন তিনি।
রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল সোমবারও মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, মোজাফফর জানিয়েছেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যার আগে ২৮ মে হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ।
১৯৮১ সালের ৩০ মে ভোররাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তা চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যা করেন। ওই ঘটনার প্রায় ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়েও মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই ঘটনায় করা একটি মামলায় তিনি গ্রেপ্তার রয়েছেন। গত ২৩ জুলাই ট্রাইব্যুনাল তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল।
প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মতামত