চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তার বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসচালক মো. মুন্না। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আরেক ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি যাত্রী নিয়ে ঈদগাহের উদ্দেশে যাচ্ছিল। রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সংঘর্ষের পর ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ মারা যান। স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসচালক মুন্নাসহ আরও দুজনের মৃত্যু হয়।
কর্ণফুলী থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ১১ জন আহত হন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের আটকের চেষ্টা চলছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত