নীলফামারীর ডোমারে বিশেষ অভিযান চালিয়ে সাহিদা বেগম রূপা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোট রাউতা কাজীপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রূপা বেগম কাজীপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় রূপা বেগমের বাড়িতে মাদকদ্রব্য পাওয়া গেছে।
স্থানীয় ও বিভিন্ন সূত্রের দাবি, রূপা বেগমের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ৩০টি মামলা রয়েছে। এর আগেও মাদকসংক্রান্ত মামলায় তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বলে জানা গেছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ জানান, বিশেষ অভিযান চালিয়ে রূপা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে, রূপা বেগমকে গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেলেও মাদক ব্যবসা বন্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারের পর জামিনে বা আইনি প্রক্রিয়ায় বেরিয়ে এসে অনেকে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এ ধরনের কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা।
মতামত