রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার পত্নীতলায় পুলিশের মধ্যরাতে ঝটিকা অভিযানে কয়েক লক্ষ টাকা মূল্যের চোরাইমালসহ কুখ্যাত চোর ও মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
জানা যায়, পত্নীতলা থানাধীন ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে মো. হাবু হোসেনের ‘হাবু ফার্নিচার’-এর পেছনের টিনের চাল কেটে অজ্ঞাতনামা চোরের দল ফার্নিচার ঘরে প্রবেশ করে। এ সময় তারা একটি ইন্টারনেট ফাইবার ক্যাবল জয়েন মেশিনসহ কয়েক লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের হলে বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করার পরে তাঁর বিশেষ নির্দেশনায় চোরচক্রকে গ্রেফতারে অভিযান জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রাতভর অভিযান, আধুনিক তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও স্থানীয় জনগণের সহযোগিতায় গগনপুর আদিবাসী পাড়ার ধীরেন্দ্রনাথের ছেলে সুমন চন্দ্র (৩৩) এবং গগনপুর পূর্বপাড়ার মৃত আবু তালেবের ছেলে মো. মাহমুদুল হককে (৫২) গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্য মতে ও তাদের হেফাজত থেকে চুরি হ'য়ে যাওয়া একটি ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিন, একটি গ্যাসের চুলা, একটি নেট রাউটার, একটি সেটআপ বক্স, দুটি রাইস কুকার, দুটি লোড মেশিন এবং দুটি ডিভিসি রাউটার উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার হওয়া ফাইবার জয়েন মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
মতামত