সাগর, নদী, মাছ, গ্যাস ও খনিজ সম্পদসহ নানা প্রাকৃতিক সম্পদে বরিশাল অঞ্চল সমৃদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘বলতে গেলে আমরা ডায়মন্ড খনির ওপর বসে আছি।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ), ঢাকা আয়োজিত ‘আগামীর বরিশাল: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, দীর্ঘদিন অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও বরিশাল অঞ্চলে ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে এ সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, বরিশালের মানুষ দীর্ঘদিন ধরে প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে। অথচ সাগর, নদী ও পর্যটনসহ বিভিন্ন খাতে এ অঞ্চলে বড় সম্ভাবনা রয়েছে। এখনো বরিশালে পর্যাপ্ত শিল্প ও অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠেনি। পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে এখানে জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙা ও মেরামত শিল্প গড়ে তোলা সম্ভব।
নূরুল ইসলাম মনি বলেন, জাহাজ নির্মাণ শিল্পকে কাজে লাগিয়ে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত হয়েছে। বরিশালেও একই ধরনের শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। পাশাপাশি এ অঞ্চলে গভীর সমুদ্রবন্দর নির্মাণের সম্ভাবনাও রয়েছে। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন করা গেলে বরিশাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে।
তিনি আরও বলেন, বরিশালসহ উপকূলীয় এলাকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে যোগাযোগ, শিল্প, বন্দর, পর্যটন, মৎস্য ও কৃষিকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এভাবে এগোতে পারলে দেশের অর্থনীতিতে বরিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য অবকাঠামোর পাশাপাশি দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরি করতে হবে। গত ১৭ বছরে রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা কমেছে এবং ভালো মানুষ রাজনীতিতে আসতে আগ্রহ হারিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, উন্নয়নের জন্য রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবার মধ্যে ঐক্য ও সমন্বয় প্রয়োজন।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, অতীতে ব্যক্তিগত স্বার্থের কারণে বরিশালের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সময়ে সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ দাবিগুলো নিয়ে কাজ করা গেলে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সম্ভব।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, পটুয়াখালীতে এক্সপার্ট প্রেসেসিং জোনের কাজ এগিয়ে চলছে। এটি চালু হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
সেমিনারে বিডিজেএ’র উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বলা হয়, দেশের মোট ইলিশ উৎপাদনের ৬৫ থেকে ৭০ শতাংশ বরিশাল বিভাগ থেকে আসে। এ ছাড়া প্রায় ১২ শতাংশ মানুষ মৎস্য খাতের ওপর নির্ভরশীল।
মূল প্রবন্ধে আরও বলা হয়, প্রতিবছর দেশের প্রায় ১৫ শতাংশ অভ্যন্তরীণ পর্যটক কুয়াকাটা, ভাসমান পেয়ারা বাজার ও সুন্দরবনে ভ্রমণ করেন। তবে সমন্বিত মাস্টারপ্ল্যানের অভাবে দেশের শিল্পখাতের অবদান ৩০ শতাংশের বেশি হলেও বরিশালে শিল্পখাতের অবদান ২ শতাংশেরও কম।
বিডিজেএ সভাপতি মাহবুব সৈকতের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সানবির রুপল ও নির্বাহী কমিটির সদস্য এবং সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক কাজী জেবেল। এতে সংসদ সদস্য, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
মতামত