কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক রূপরেখা তুলে ধরে জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সংগঠনের পক্ষ থেকে দলীয় প্রভাবের বাইরে ছাত্র সংসদকেন্দ্রিক রাজনীতির চর্চার প্রস্তাব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ রূপরেখা তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নিলয় বড়ুয়া, সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল, মুখ্য সংগঠক আরিফুল ইসলাম রনি, যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) জোবায়ের আজম খান এবং সদস্য নাইম ভূঁইয়া, বিল্লাল হোসেন ও জি এম তৈয়বুর ইসলাম উপস্থিত ছিলেন।
‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও কল্যাণকে গুরুত্ব দিয়ে ছাত্ররাজনীতির চর্চার কথা তুলে ধরে সংগঠনটি। একই সঙ্গে দলীয় প্রভাবের বাইরে ছাত্র সংসদকেন্দ্রিক রাজনীতির প্রস্তাবও দেওয়া হয়।
শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে পাঠচক্র, ক্রীড়া, বিতর্ক, সাংস্কৃতিক, ধর্মীয় ও স্কিল ডেভেলপমেন্ট নামক ছয়টি সেল গঠনের কথা জানানো হয়। এসব কার্যক্রমের মাধ্যমে একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক, সামাজিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরির কথা জানায় সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে ১২ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় লাইব্রেরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, ল্যাব আধুনিকায়ন, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ, ভর্তি ফি কমানো এবং শিক্ষক মূল্যায়নের কার্যকর ব্যবস্থা চালু করা। নারী শিক্ষার্থীদের জন্য পৃথক কমনরুম ও প্রার্থনাকক্ষ স্থাপন, ডে-কেয়ার সেন্টার চালু এবং স্যানিটারি ন্যাপকিনের সহজলভ্যতা নিশ্চিত করার দাবিও জানানো হয়। এসব সুবিধা নিশ্চিতের মাধ্যমে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য সহায়ক ও নিরাপদ পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেয়ার দাবি জানানো হয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা, জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে স্মৃতিস্তম্ভ নির্মাণ, পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবিও তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, ‘লাইব্রেরি থেকে বই বাইরে নেওয়া যায় না, আবার বাইরের বইও ভেতরে নেওয়ার সুযোগ নেই। অথচ ক্লাসের বিরতি ও পরীক্ষার সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য লাইব্রেরি গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।’
তিনি বলেন, ‘বিভাগগুলোর ল্যাবে পর্যাপ্ত সরঞ্জাম ও দক্ষ টেকনিশিয়ান নিশ্চিত করতে হবে। ভর্তি পরীক্ষার ফি কমানো এবং মেয়েদের জন্য অরুণিমা কর্ণার পূর্ণাঙ্গভাবে চালু করাও প্রয়োজন।’
আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, "ছাত্রশক্তি সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। শিক্ষার্থীদের কল্যাণে যেকোনো মতামত গ্রহণে আমরা বদ্ধপরিকর। জুলাইয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছিল অন্যতম প্রাণকেন্দ্র। সেই ক্যাম্পাসে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের কথা বলা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। পাশাপাশি পরিবহন সমস্যা ও ক্যাম্পাস এবং শহরে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়েও প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন।"
মতামত