মোহাম্মদ মাসুদ মজুমদার:
কুমিল্লার বরুড়ায় প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৬২ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য কুমিল্লার আলেখারচর চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে।
১১ সেপ্টেম্বর শুক্রবার বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পেরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ দেন। এ সময় চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত ৬২ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য কুমিল্লার আলেখারচর চক্ষু হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাসেবা নিতে আসা দুর্গাপুর গ্রামের বৃদ্ধা মনোয়ারা বেগম বলেন,বয়সের কারণে অনেক দিন ধরে চোখে ঠিকমতো দেখতে পারি না। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারিনি। এখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছি। চোখের অপারেশনও বিনামূল্যে করে দেওয়া হবে শুনে খুব ভালো লাগছে।
পেরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু শেখর দাস বলেন, জনকল্যাণ সমিতির এটি একটি মহতী উদ্যোগ। গ্রামের সাধারণ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার মাধ্যমে তারা মানবিক কাজ করছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার অনেক দরিদ্র মানুষ উপকৃত হবেন।
বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, বরুড়ার মানুষের জন্য কিছু করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ যাতে অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত না হন, সে বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
অনুষ্ঠানে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকার সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম, সাবেক সভাপতি মনীন্দ্র কিশোর মজুমদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আমির হোসেন ভূইয়া, সহ-সভাপতি জেড এইচ জহির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান, ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বোরহান উদ্দিন মিয়াজী, নির্বাহী সদস্য আবদুল হাই গাজী, সাবেক নির্বাহী সদস্য মোঃ ইউনুস মিয়া, আজীবন সদস্য মোয়াজ্জেম হোসেন ও ফরিদ উদ্দিন মিয়াজী এবং সাধারণ সদস্য মোঃ অহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান আবুল হাশেম, পয়ালগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়নাল হোসেন এবং পেরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু শেখর দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত