মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাশছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে উত্তোলন করে রাখা প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানকালে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে আটক বা দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে পড়ে থাকা প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।
জব্দ করা বালুর বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম বলেন,জব্দ করা বালুর বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনসহ পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত