নীলফামারী সদর উপজেলার সুবর্ণঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের কার্যালয়ের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে ওয়াই-ফাই রাউটার, অনু ও সোলারের একটি বড় ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরে অগ্নিসংযোগে সরকারি প্রয়োজনীয় কাগজপত্রসহ শিক্ষক-শিক্ষিকাদের হিজাব ও জায়নামাজ পুড়ে গেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের অফিসের পেছনে নির্মাণাধীন একটি মন্দির থেকে বাঁশের মই এনে দেয়ালের ভেন্টিলেটর ভেঙে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে কার্যালয় থেকে বিভিন্ন মালামাল চুরি করে। ধারণা করা হচ্ছে, চুরির পর তারা অগ্নিসংযোগ করে। এতে শিক্ষকদের জায়নামাজ ও হিজাব পুড়ে যায়। এ ছাড়া দুটি স্টিলের আলমারি ভেঙে সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভোরে এলাকাবাসী ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে সেখানে প্রবেশ করেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ৯৯৯-এ কল করে নীলফামারী সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. উম্মে সালমা নাজনীন জানান, এ ঘটনায় নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
নীলফামারী সদর উপজেলা শিক্ষা অফিসার জছিজুল আলম মণ্ডল বলেন, ‘আমাদের একটি বিদ্যালয়ে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি, যাতে দ্রুত অপরাধীদের শনাক্ত করা যায়।’
মতামত