নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্যবহৃত একটি তাজা (সক্রিয়) গ্রেনেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ায় এই ঘটনা ঘটেছে। উদ্ধার গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে র্্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
জানা যায়, ডাঙ্গাপাড়ায় আশির উদ্দিন শাহ এর একটি পুকুরে এলাকার তানভির ও আনসারুল নামে দুই যুবক গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোসল করতে যায়। এসময় তানভিরের পায়ে ওই গ্রেনেডটি স্পর্শ হয়। এতে তারা পানির নিচ থেকে গ্রেনেডটি তুলে পুকুর পাড়ে আনে এবং পলিথিনে পেঁচিয়ে রাখে। পরে সৈয়দপুর থানায় খবর দেয়। কিন্তু সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেটাকে খেলনা বলে বিষয়টা এড়িয়ে যায়।
বাধ্য হয়ে তারা র্যাবকে খবর দেয়। এর প্রেক্ষিতে শুক্রবার র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ কর্তৃপক্ষ বিকাল ৫ টায় ঘটনাস্থলে এসে পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করে। এতে নেতৃত্ব দেন নীলফামারী র্যাবের স্কোয়াট কমান্ডার এএসপি এটিএম তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবির। গ্রেনেডটি তাজা (সক্রিয়) হওয়ায় উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হলে রংপুর থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে একটি দল আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।
মতামত