বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা ছাড়া গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় বিচার না হওয়ায় দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল উল্লেখ করে তিনি বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর জোর দিয়েছেন।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ’ এবং গণভোটের প্রাপ্ত গণরায়ের সঠিক বাস্তবায়নের মাধ্যমে দেশের ভঙ্গুর বিচারব্যবস্থাকে এক শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব। এর মাধ্যমেই দেশের সব ধর্মের ও সম্প্রদায়ের মানুষের জন্য ন্যায়বিচার পাওয়ার আস্থাভাজন পরিবেশ নিশ্চিত হবে। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে উল্লেখ করে তিনি রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আরও মজবুত করার তাগিদ দেন।
একই সঙ্গে বাংলাদেশে যুগের পর যুগ ধরে চলে আসা বহু ধর্ম, বর্ণ ও সংস্কৃতির ঐতিহাসিক মেলবন্ধনের ধারাকে অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।শান্তি ও সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব মনে করিয়ে দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “আমরা সরকারেই থাকি কিংবা বিরোধীদলে—দেশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা সকল রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও এটাকে স্থায়ী ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে।”
মতামত