সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বমঞ্চে বিশ্বজয়ী হাফেজ ও ক্বারীগণ বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে মর্যাদার উচ্চ শিখরে তুলে ধরছেন। এটি কেবল তাদের ব্যক্তিগত সাফল্য নয়, পুরো জাতি ও দেশের জন্য এক অনন্য গৌরব।
কুরআনের আলোকে আলোকিত এই তরুণরাই আগামী দিনে সৎ, নীতিবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।” তিনি আরও বলেন, “বিশ্বের বহু দেশের শত শত প্রতিযোগীদের পেছনে ফেলে আমাদের খুদে হাফেজরা যেভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, তা প্রমাণ করে বাংলাদেশে কুরআন শিক্ষার চর্চা কতটা গভীর। আমরা এই কুরআনের পাখিদের সম্মান জানাতে পেরে গর্বিত।” এ সময় তিনি বিজয়ী হাফেজদের মেধা ও মেহনতের প্রশংসা করেন এবং তাদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা রাষ্ট্রীয় ও সামাজিকভাবে কুরআনের হাফেজ ও আলেমদের মূল্যায়ন ও তাদের পৃষ্ঠপোষকতা বৃদ্ধি করার ওপর জোর দেন। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বলকারী এই রত্নদের ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় স্বীকৃতি ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের একাধিক প্রতিযোগী বিভিন্ন ক্যাটাগরিতে স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী হাফেজ, তাদের শিক্ষকবৃন্দ, বিশিষ্ট উলামায়ে কেরাম এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
মতামত