জাতীয় সংসদ অধিবেশনে এক অভূতপূর্ব ও প্রীতিঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬’—যা র্যাব বিলুপ্ত করে নতুন বিশেষায়িত বাহিনী গঠনের উদ্দেশ্যে উত্থাপিত—নিয়ে আলোচনার একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দোয়া করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
ঘটনার প্রেক্ষাপট ও সংসদে সৌজন্যের আবহাওয়া:এসআরবি বিলের রিপোর্ট প্রদানের সময়সীমা বাড়ানোকে কেন্দ্র করে আলোচনার সময় বিরোধীদলীয় নেতা প্রথমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রশংসা করেন।
এরপর বিলটির পর্যালোচনার সময়সীমা দুই দিন থেকে বাড়িয়ে চার/পাঁচ দিন করায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদার মানসিকতার প্রশংসা করেন ডা. শফিকুর রহমান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “সাগর যেমন মহান, উদার এবং বিশাল—উনি আলহামদুলিল্লাহ, এর কিছু আসর পড়ার কারণে উনি দুই দিন থেকে চার দিন, পাঁচ দিন পর্যন্ত এগিয়ে গেছেন, এজন্য উনাকে মোবারকবাদ।”
এরপরই হাত তুলে দোয়া করে তিনি বলেন, “হে রাব্বুল আলামিন, তুমি উনার দিলটাকে অনেক বড় করে দাও। আল্লাহ তাআলা, জাতির স্বার্থেই বড় করে দিন।” এ সময় সংসদ কক্ষে নিজ আসনে বসা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে হাত তুলে ‘আমিন’ বলতে এবং মুখে হাত বুলাতে দেখা যায়। নতুন বিশেষায়িত বাহিনী ও মানবাধিকার নিয়ে বিরোধীদলীয় নেতার সতর্কবার্তা:র্যাব বিলুপ্তির পর নতুন কোনো বিশেষায়িত বাহিনী গঠন প্রসঙ্গে বিরোধী দলের অবস্থান স্পষ্ট করে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে কোনো স্পেশালাইজড ফোর্স গঠনের প্রয়োজন হলে বিরোধী দল তাতে বাধা দেবে না।
তবে এ সিদ্ধান্ত তাড়াহুড়ো না করে গভীরভাবে পর্যালোচনা (স্টাডি) করে নেওয়া উচিত বলে তিনি জোর দেন। অতীতে র্যাবের মাধ্যমে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “একবার আমাদের চুন খেয়ে গাল ঘা হয়েছে, এখন দই দেখলেও ভয় লাগে। নারায়ণগঞ্জের সাত/আট খুনের মামলা এর জ্বলন্ত প্রমাণ।
এই সংসদ মজলুমের সংসদ, মজলুমরা বড় ভয় পায়। জুলুমের কথা স্মরণ হলে এখনো অনেকে ঘুমাতে পারে না।”সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ও হুম্মাম কাদের চৌধুরীর দীর্ঘ গুম থাকার ট্রমার কথা উল্লেখ করে তিনি বিলটি তড়িঘড়ি না করে আগামী সপ্তাহে আরও প্রাগম্যাটিক বা বাস্তবধর্মী বিশ্লেষণসহ উত্থাপনের আহ্বান জানান। বিরোধীদলীয় নেতার এই গঠনমূলক ও আবেগঘন বক্তব্য শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও হাসিমুখে প্রতিক্রিয়া জানান এবং বিরোধী দলীয় নেতার অনুভূতিকে সম্মান জানিয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার আশ্বাস দেন।
মতামত