যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ যাচাই করতে চার সদস্যের একটি অনুসন্ধান দলও গঠন করেছে সংস্থাটি। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে দলটি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।
অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি ও পদায়নে অনিয়মের অভিযোগ রয়েছে। পাশাপাশি একটি সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার ও সরকারি কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় এসেছে।
সূত্রটি জানায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ দুদকে জমা পড়ার পর সেটি যাচাই-বাছাই করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলামও জানিয়েছেন, অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সেই সরকারে উপদেষ্টা হন আসিফ মাহমুদ। শুরুতে শ্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও পান।
২০২৫ সালের ডিসেম্বরে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর একই মাসের শেষ দিকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন আসিফ মাহমুদ। বর্তমানে তিনি দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতামত