সারা দেশের মতো মৌলভীবাজারেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন দলটির নেতাকর্মীরা। এ উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে মৌলভীবাজার জেলা বিএনপি।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এর আগে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এমপি।
তিনি বলেন,বিএনপির প্রতিষ্ঠা বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।
তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের কথাও বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিদ, ফখরুল ইসলাম,বকশী মিছবাহ উর রহমান,মোশাররফ হোসেন বাদশা,মুহিতুর রহমান হেলাল,সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু,সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল,সাধারণ সম্পাদক এম এ মুহিত,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী।
জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান বলেন,বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার রাজনৈতিক দল। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতার মধ্যেও দলটি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে চলেছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগাবে।
সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও অবদানের কথা তুলে ধরেন। এ সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নেতারা।
এর আগে দুপুর থেকেই দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিতে মৌলভীবাজার সদর উপজেলা ও রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
পরে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁদের হাতে দলীয় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মতামত