বর্তমানে বিরোধী দলের নেতারা সরকারের পাশাপাশি শীর্ষ নেতৃত্বেরও সমালোচনা করছেন। তবে এজন্য কাউকে গুম হতে হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, এটিই বাকস্বাধীনতা ও প্রকৃত গণতন্ত্রের অন্যতম উদাহরণ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এ সভার আয়োজন করে।
রিজভী বলেন, তারেক রহমান যখন রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন, তখন তাকে কারাবন্দি করার পেছনে জাতীয়তাবাদী রাজনীতিকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্য ছিল। এটি শুধু অভ্যন্তরীণ কোনো ষড়যন্ত্র নয়, বরং দেশীয় ও আন্তর্জাতিক নানা চক্রান্তের সম্মিলিত রূপ ছিল বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান সততা, নিষ্ঠা, উৎপাদন, উন্নয়ন, পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার মাধ্যমে দেশের জন্য যে রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত্তি তৈরি করেছিলেন, তারেক রহমান সেই আদর্শের ধারাই এগিয়ে নিচ্ছেন।
অতীতের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দুর্ভিক্ষ, লুটপাট, সহিংসতা, বিরোধী মত দমন এবং সংবাদপত্র ও রাজনৈতিক দল বন্ধের মতো ঘটনায় দেশে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের সুযোগ ফিরিয়ে দেন বলে দাবি করেন তিনি।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, ২০১৮ সাল থেকে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সংগঠিত করেছেন। গুম, হত্যা ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখেছেন।
তারেক রহমানকে নিয়ে নানা অপপ্রচার চালানো হলেও জনগণ এখন তার কর্মকাণ্ড দেখছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি দাবি করেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারেক রহমান কাজ করছেন। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এর উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।
অন্যদিকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মেগা প্রকল্পের অর্থ বিদেশে পাচারের অভিযোগ তোলেন রিজভী। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো বিস্তারিত প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
রিজভী বলেন, আগামী পাঁচ বছরে তারেক রহমান যে উন্নয়ন ও পরিবর্তনের পরিকল্পনা নিয়েছেন, তা ছাত্রসমাজসহ দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তার দাবি, তারেক রহমান তার বাবা-মায়ের দেশ গড়ার আদর্শ অনুসরণ করেই এগিয়ে যাচ্ছেন।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল। বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।
মতামত