প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল ইতোমধ্যে অনুমোদন করেছে সরকার। এখন অপেক্ষা গেজেট জারির। নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি আদেশ বুধবার (২ সেপ্টেম্বর) অথবা বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
গণমাধ্যমকে তিনি জানান, অর্থ বিভাগ আজ অথবা আগামীকাল নতুন বেতন কাঠামোসংক্রান্ত আদেশ জারি করবে। আদেশ প্রকাশের পরই নতুন পে স্কেলের বিস্তারিত বিষয়গুলো স্পষ্ট হবে।
এর আগে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে স্কেল অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬’ অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
অনুমোদিত জাতীয় বেতনস্কেল-২০২৬-এ সরকারি চাকরির ২০টি গ্রেডই রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন নতুন করে নির্ধারণ করা হয়েছে। এতে ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বেতন বৈষম্য কমাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাতও কমানো হয়েছে। আগের ১:১.৯৪৫ অনুপাত কমিয়ে নতুন কাঠামোয় তা ১:১.৭৮ করা হয়েছে।
নতুন হিসাবে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ১০০ শতাংশ বাড়বে।
মতামত