দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর কুতুবদিয়া এলাকায় গভীর সমুদ্রে একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়ে আগ্রহী একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত টার্মিনালটি বাস্তবায়িত হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, নতুন এই উদ্যোগ বাস্তবায়ন হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে। এর ফলে জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহের ঘাটতি কমিয়ে পরিস্থিতির উন্নতি করা যাবে বলে আশা করছে সরকার।
এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণে পায়রা ও মোংলা বন্দর এলাকায় আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়েও কাজ চলছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী।
জ্বালানি চাহিদার কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে এসব টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আশা, টার্মিনালগুলো চালু হলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং বিদ্যমান গ্যাস সংকটও অনেকটা কমে আসবে।
মতামত