সুইমিংপুলে এক তরুণীর সঙ্গে বরেণ্য অভিনেতা মামুনুর রশীদের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ঘিরে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। তবে পরে জানা গেছে, এটি বাস্তব কোনো ঘটনার ছবি নয়; একটি ধারাবাহিক নাটকের দৃশ্য।
‘আমরা ভাইরাল’ নামের নতুন এই ধারাবাহিক নাটকটি সাম্প্রতিক সময়ে আলোচিত বিভিন্ন ভাইরাল ঘটনা ও চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। আল আমিন স্বপনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।
নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ। তার বিপরীতে রয়েছেন তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তা। গল্পে মামুনুর রশীদের চরিত্রটি নিজের চেয়ে অনেক কম বয়সী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। একপর্যায়ে পরিবারের মতের বিরুদ্ধে ওই তরুণী তার কাছে চলে আসে।
এরপর তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি শুরু করে। তাদের কর্মকাণ্ড ঘিরে মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়, তেমনি বিরক্তিও দেখা দেয়। নাটকের গল্পেরই অংশ হিসেবে ধারণ করা সুইমিংপুলের দৃশ্যের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেতিবাচক আলোচনা শুরু হয়।
নির্মাতা সাজিন আহমেদ বাবু জানান, ছবিটি নাটকের একটি দৃশ্যের অংশ। পুরো প্রেক্ষাপট না জেনেই অনেকে ছবিটি নিয়ে মন্তব্য করেছেন। ভাইরাল ঘটনা ও চরিত্রগুলোকে হাস্যরসের মাধ্যমে উপস্থাপনের পাশাপাশি দর্শকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়াই নাটকটির উদ্দেশ্য বলে জানান তিনি।
মামুনুর রশীদও নাটকটি নিয়ে আশাবাদী। তার ভাষ্য, অনেক দিন পর ভিন্ন ধরনের গল্পে কাজ করেছেন তিনি। পরিচিত বিভিন্ন ঘটনা ও বিষয়কে নির্মাতা গল্পের মাধ্যমে তুলে ধরেছেন, যা দর্শকদের বিনোদনের পাশাপাশি ভাবাবে।
নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকটির প্রচার শুরু হবে।
মতামত