গত ১৮ বছরে চাইলে অনেক সুযোগ-সুবিধা নিতে পারতেন, কিন্তু কোনো ধরনের লোভ-লালসায় পা দেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনি এলাকা ভোলায় গিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ শহরের বিভিন্ন সড়কের পাশে অবস্থান নিয়ে ফুল দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান। ছাদখোলা গাড়িতে করে শহরে প্রবেশের সময় তিনি তাদের অভ্যর্থনার জবাব দেন। পরে নতুন বাজার চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য দেন পার্থ।
নিজের দায়িত্ব পালনের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে দায়িত্ব দিয়েছেন, তা সততার সঙ্গে পালন করবেন। এমপি হিসেবে গত ছয় মাসের দায়িত্ব পালনে কোনো অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও দেবেন না বলেও জানান তিনি।
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে পার্থ বলেন, এ সেতুর দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এবং সংসদেও বিষয়টি তুলে ধরেছেন। সরকার বিকল্প পথে ঢাকার সঙ্গে যোগাযোগের বিষয়টি বিবেচনা করছে উল্লেখ করে তিনি বলেন, এতে সময় কম লাগলেও এ নিয়ে কোনো মহল যেন বিভ্রান্তি না ছড়ায়।
ভোলার জন্য যে সিদ্ধান্তটি সবচেয়ে ভালো হবে, সেটিই চান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিশেষজ্ঞরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তবে ভোলার মানুষের দাবিও তারা তুলে ধরে যাবেন।
এ সময় টিআর ও কাবিখা প্রকল্পে অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।
এর আগে ঢাকা থেকে সড়কপথে বরিশাল হয়ে লাহারহাটে পৌঁছান পার্থ। পরে স্পিডবোটে ভোলা খেয়াঘাটে গেলে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলমগীরের নেতৃত্বে বিএনপি ও বিজেপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
মতামত