নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক দুটি ঘটনায় ঐশী পোদ্দার (১৯) ও ঝর্ণা (৩০) নামে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে সামনে এলেও তাদের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার উলুকান্দি পশ্চিমপাড়া ও সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা পূর্বপাড়ায় পৃথকভাবে ঘটনাগুলো ঘটে।
সকাল ৭টার দিকে উলুকান্দি গ্রামের নিজ বাড়ির ঘর থেকে ঐশীর মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং প্রয়োজনীয় প্রাথমিক প্রতিবেদন তৈরি করেন। ঐশী ছিলেন শান্ত রায়ের স্ত্রী ও শংকর পোদ্দারের মেয়ে। কয়েক মাস আগেই তার বিয়ে হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
অন্যদিকে, সকাল ৬টার দিকে পুরিন্দা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল আলীর মেয়ে এবং নাদিমের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, দুই ঘটনার ক্ষেত্রেই পারিবারিক কলহের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, দুটি ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মতামত