দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (২ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। নতুন এই দর সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকায় বিক্রি হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত স্বর্ণের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার ধরন ও নকশা অনুযায়ী মজুরি যোগ হবে।
এদিকে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বিক্রির ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই মূল্য কার্যকর থাকবে।
এর আগে ৩১ আগস্ট স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কমানোর পর ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।
মতামত