রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির ওপর হামলার চালিয়ে টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করে স্থানীয়দের সহায়তায় অস্ত্রসহ একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ৯৯৯-এ প্রাপ্ত বার্তার ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েল (৪১) নামে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, দুপুরে এক ভুক্তভোগী ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় তিনজনের একটি সশস্ত্র ছিনতাইকারী দল মোটরসাইকেলে এসে টাকার ব্যাগটি ছিটকে ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই ভুক্তভোগী সাহসিকতার সাথে তাদের ধাওয়া করেন। লেক এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক ছিনতাইকারী ছিটকে রাস্তায় পড়ে গেলে স্থানীয় উত্তেজিত জনতা তাকে ঘেরাও করে পিস্তলসহ ধরে ফেলে।
ঘটনার খবর পেয়ে ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মজিবুর রহমান ও পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানাকে বিষয়টি অবহিত করেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন। দ্রুততম সময়ের মধ্যে ধানমন্ডি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পিস্তলসহ আটক তানভীর আবেদীন জুয়েলকে নিজেদের জিম্মায় নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ধানমন্ডি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত অপর দুই সহযোগীসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, আটককৃত অন্য দুই আসামির নাম-পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং ছিনতাই হওয়া পুরো টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত