সিলেটের দক্ষিণ সুরমায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯, সিপিএসসি, সিলেট ও জেলা প্রশাসন, সিলেটের যৌথ আভিযানিক দল অভিযানে নেতৃত্ব দেয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং নিরাপদ খাদ্য আইন,২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে নিউ শ্রমিক ড্রাইভার রেস্টুরেন্টের মালিক মো. ছালাউদ্দিন খানকে ৫০ হাজার টাকা এবং ভাই ভাই ফুড প্রোডাক্টসের মালিক মো. মিজানুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, পণ্যের মোড়ক ও মূল্যতালিকা সংক্রান্ত আইন লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত