যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, তুর্যের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।
শারমিন সুলতানার গ্রেফতারের পর তার একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে—এই বিষয়টি সামনে আসার পর সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীও তার জামিন চেয়ে লেখালেখি করেছিলেন। তবে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তীতে বিষয়টি আর সেভাবে সামনে আসেনি। কিন্তু তুর্যের মৃত্যুর পর আবারও সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যক্তিগতভাবে এই ঘটনায় আমিও অত্যন্ত ব্যথিত।
তুর্যের মৃত্যুর পর তার মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়া নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে তিনি সরাসরি গাজীপুরের ডিসির সঙ্গে কথা বলেছেন বলে জানান রাশেদ খান।
এ বিষয়ে ডিসি তাকে জানিয়েছেন, "শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন কিংবা ফোন কল তারা পাননি। তার স্বামী বা পরিবারের কেউ মৃত্যুর বিষয়টি অবহিত করে প্যারোলে মুক্তির আবেদনও করেননি।" এমনকি পরিবারের পক্ষ থেকে লাশ কারাফটকে নেওয়ার পর সিনিয়র জেলারও বিষয়টি ডিসিকে অবহিত করেননি—যদিও কোনো আসামিকে তার পরিবারের কারও লাশ দেখানোর আইনগত এখতিয়ার সিনিয়র জেলারের রয়েছে।
রাশেদ খান আরও স্পষ্ট করেন যে, প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ ছিল না। কেবল গণমাধ্যমে খবর আসার পরেই বিষয়টি সম্পর্কে সকলে জানতে পারেন। তূর্যের পরিবার যদি শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করত, আর সরকার যদি মুক্তি না দিত, তবে সেক্ষেত্রে সরকারকে দায়ী করা যেত।
বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বর্তমান সরকার যেখানে গোপালগঞ্জের মতো জায়গায় দমন-পীড়ন না চালিয়ে ধৈর্যের সহিত পরিস্থিতি মোকাবিলা করছে, সেখানে সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি দেবে না—এটি তো কোনোভাবেই হতে পারে না। সরকার মানবাধিকারের প্রতিও অত্যন্ত শ্রদ্ধাশীল। তূর্যের পরিবার যদি প্যারোলে মুক্তির জন্য ডিসিকে অবহিত করত, তাহলে হয়তো এই হৃদয়বিদারক ঘটনার অবতারণা হতো না।
মতামত