বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রবেশের চেষ্টাকালে তাদের ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন আল রশীদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই প্রতিরোধ গড়ে তোলেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী গোপালগঞ্জ সীমান্ত হয়ে মোল্লাহাট এলাকায় প্রবেশের চেষ্টা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন আল রশীদের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দ্রুত সেখানে জড়ো হন। এ সময় তারা ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে অবস্থান নেন এবং প্রবেশের চেষ্টাকারী নেতাকর্মীদের ধাওয়া করেন।
ধাওয়ার মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পুনরায় গোপালগঞ্জের দিকে ফিরে যান বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি এবং এ বিষয়ে আওয়ামী লীগ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে মোল্লাহাট সীমান্তবর্তী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।
মতামত