কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন ছাড়া কুরআনের বিধান যথাযথভাবে পালন করা কিংবা অন্যদের ইসলামের পথে আহ্বান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তা’লীমুল কুরআন বিভাগের জেলা ও মহানগর দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, শুধু মুখে ইসলামের কথা বললেই মানুষকে আল্লাহর পথে ডাকা সম্ভব নয়। ব্যক্তিজীবনের পাশাপাশি সমাজ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের নির্দেশনা অনুসরণের মাধ্যমে ইসলামের আদর্শ তুলে ধরতে হবে। সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাবের নির্দেশনা মেনে নবী-রাসুলরা মানুষকে সঠিক পথে আহ্বান করেছেন। মানুষ যখন আল্লাহর বিধান অনুসরণ করেছে, তখন তারা সম্মান ও শান্তির সঙ্গে জীবনযাপন করেছে। আর কিতাবের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে মানুষের জীবনে নেমে এসেছে নানা দুর্ভোগ ও বিপর্যয়।
জামায়াত আমির কুরআন শুদ্ধভাবে অর্থসহ পড়া, বোঝা এবং বাস্তব জীবনে তার শিক্ষা প্রয়োগের ওপর গুরুত্ব দেন। তার মতে, কুরআনের জ্ঞান অর্জন ও সে অনুযায়ী জীবন পরিচালনার মধ্যেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত।
মতামত