বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে দুই সিরিজ থেকেই ছিটকে গেছেন দলের পেসার জেরাল্ড কুটসিয়া। একই সঙ্গে আরেক পেসার কিউনা মাফাকাও খেলতে পারবেন না টি-টোয়েন্টি সিরিজে। দুই পেসারের অনুপস্থিতিতে দলে বেশ কিছু পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা।
লায়ন্সের হয়ে নর্থ ওয়েস্ট ড্রাগনসের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে গিয়ে অ্যাডাক্টর পেশিতে চোট পান কুটসিয়া। এই চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি—কোনো সিরিজেই খেলতে পারবেন না তিনি।
অন্যদিকে, ডান হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠছিলেন তরুণ পেসার কিউনা মাফাকা। তবে অনুশীলনের সময় আবারও চোট পেয়েছেন তিনি। ফলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। একই চোটের কারণে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন এই পেসার।
দুই পেসারের চোটে দলে পরিবর্তন আনতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিয়ান ফন ভুরেন। টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ইথান বশ ও জেজে বাসন। বাসনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।
এদিকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াডে যুক্ত হয়েছেন বায়ান্ডা মোজোলা ও ওখুলে সেলে।
মতামত