জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সরকার কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বিশেষায়িত চিকিৎসা সাশ্রয়ী করার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার।
শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘২য় ঢাকা আন্তর্জাতিক হাঁটু সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমি, আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করে।
মন্ত্রী বলেন, চিকিৎসাসেবার বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা, অভিজ্ঞতা ও আধুনিক জ্ঞানের সমন্বয় অত্যন্ত জরুরি। সুপার-স্পেশালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে আধুনিক স্বাস্থ্যপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগোতে না পারলে দেশের বাড়তে থাকা স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ কঠিন হয়ে পড়বে।
এ জন্য সংশ্লিষ্ট বিভাগ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জাহিদ হোসেন বলেন, স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে জাতীয় বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে এই খাতে সর্বোচ্চ বরাদ্দ। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না; চিকিৎসাশিক্ষা, রোগ প্রতিরোধ, চিকিৎসাসেবা এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই অর্থের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির পক্ষ থেকে ফেলোশিপ দেওয়া হয়। পাশাপাশি ‘সেভ ইয়োর নি’ শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ দেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডা. এম. আলী।
মতামত