মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একমাত্র দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলীতে অবস্থিত মাদ্রাসার শ্রেণিকক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
মাদ্রাসার শিক্ষক মো. ওয়ালি উল্লাহর সঞ্চালনায় এবং মাদ্রাসার সভাপতি মো. রতন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার মো. ইসরাফিল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. মজিবুর রহমান, মাদ্রাসার মুতাওয়াল্লি মো. ফেরদাউসুর রহমান, সিরাজদিখান মডেল মসজিদের ইমাম মো. হাবিবুর রহমান, গণশিক্ষার সাধারণ কেয়ারটেকার মো. ফয়জুর রহমান, যুবদল নেতা সিকদার মারুফ রিগান, সাংবাদিক মো. আবদুল আউয়াল আশিক, নাদিম হায়দার ও আজাদ নাদভীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা।
সভাপতির বক্তব্যে মো. রতন খান বলেন, অনেক প্রতিকূলতা ও আর্থিক সংকটের মধ্যেও কিছু মানুষের সহযোগিতায় মাদ্রাসাটি চালু রাখা হয়েছে। মাদ্রাসাটি নিয়ে কিছু মানুষ কুৎসা রটালেও বাস্তবতা ভিন্ন। মাদ্রাসার নামে জমি দান করা হয়েছে। এলাকার ধর্মপ্রাণ মানুষ ও বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে নিজস্ব জমিতে স্থায়ী ভবন নির্মাণ করে পাঠদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইসরাফিল আহমেদ বলেন, “প্রান্তিক পর্যায়ের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমকে পুরোপুরি সফল করতে স্থানীয় প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আপনাদের সহযোগিতা পেলে আমরা শতভাগ সাক্ষরতা ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পারব।”
সমাবেশে মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতিতে অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতামত