বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত ২০ জন যাত্রী ও চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন এবং কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মধ্যে দপদপিয়া এলাকায় সড়কের একটি বাঁকে মুখোমুখি সংঘর্ষ হয়। বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের পর বাস দুটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং বাসের চালক ও যাত্রীদের উদ্ধার করেন। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত