সিরাজগঞ্জ শাহজাদপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর মাহফুজুর রহমান প্রিন্স (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নরিনা খেয়াঘাট সংলগ্ন করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ৭টার দিকে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় দেড় ঘণ্টার অভিযানের পর তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় তারা।
নিহত মাহফুজুর রহমান প্রিন্স ঢাকার বিমানবন্দর থানা এলাকার আব্দুল বারেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান প্রিন্স চার বন্ধুকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া এলাকায় খোরশেদ আলমের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে নদীতে নিখোঁজ হন প্রিন্স।
পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে আসা এক্সপার্ট টিম ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা অভিযান চালায়। তবে ওই সময় নিখোঁজ যুবকের কোনো সন্ধান না পাওয়ায় অভিযান স্থগিত করা হয়। এরপর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উক্ত টিম পুনরায় উদ্ধার অভিযান শুরু করে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে তার নিহতের লাশ উদ্ধার করে।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ পারভেজ আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নদী থেকে উদ্ধার করা মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত