যশোরের কেশবপুরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুরের প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন ও কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার বিভিন্ন গ্রামের ৩ হাজার ২০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া ৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, চলতি রবি মৌসুমে কেশবপুর উপজেলায় ৮৫ হেক্টর জমিতে ভুট্টা, ৫০ হেক্টরে আলু, ৩০ হেক্টরে মরিচ, ৮২ হেক্টরে পেঁয়াজ, ৩৫ হেক্টরে রসুন, ২০ হেক্টরে মসুর, ২৩ হেক্টরে সরিষা এবং ১ হাজার ৫০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ হয়েছে।
কৃষি কর্মকর্তা বলেন, এ বছর উপজেলায় পাঁচ জাতের সরিষার চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার আশানুরূপ ফলন পাওয়া যাবে। এতে কৃষকেরা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
মতামত