নেত্রকোণার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও স্থানীয় ঐতিহ্যকে ঘিরে পর্যটনশিল্পের বিকাশ এবং পরিকল্পিত পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় জেলার পর্যটন সম্ভাবনাময় স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি কলমাকান্দা উপজেলার রংছাতি ও লেংগুরা ইউনিয়নের জামদানি তাঁতপল্লি, চন্দ্রডিঙ্গা পাহাড়, পাতলাবন, গোপালবাড়ী, চেংনী ও সাত শহীদ মুক্তিযোদ্ধা সমাধিস্থল ঘুরে দেখেন।
পরিদর্শনকালে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন, নেত্রকোর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য পর্যটনশিল্প বিকাশের গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং এ অঞ্চলকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত পরিদর্শন দলের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হয়। এর আগে ৮ নভেম্বর মন্ত্রণালয়ের অফিস আদেশে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলার পর্যটন সম্ভাবনাময় স্থান পরিদর্শনের জন্য দল গঠন করা হয়।
এ সময় বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ড. প্রকাশ কান্তি চৌধুরী, নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও পর্যটকবান্ধব সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে নেত্রকোণা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে। এতে স্থানীয় কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনাও তৈরি হবে।
মতামত