ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে দুই মহাসড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের যাত্রীসহ সাধারণ মানুষ। সকাল ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছিল।
শ্রমিকদের আন্দোলনের কারণে আজ সকালে নতুন করে আরও পাঁচটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারখানায় আজকের জন্য ছুটি দেওয়া হয়েছে। এর আগে গতকাল সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই গাজীপুর মহানগরী ও কালিয়াকৈর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। গতকাল সোমবারও কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় দিনভর আন্দোলন করেন তাঁরা।
আজ সকাল সাড়ে আটটার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। একই সময় চান্দনা চৌরাস্তায় আরেক দল শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া ছয়দানা কলম্বিয়া এলাকাতেও সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়ায় তাঁরা আবার সড়কে নেমেছেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন প্রথম আলোকে বলেন, কয়েকটি এলাকায় সকালে শ্রমিকেরা অবস্থান নিয়েছিলেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।
মতামত