শপথ নেওয়ার একদিন পর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সেখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করবেন তিনি।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। বিউগলের করুণ সুরের মধ্য দিয়ে শহীদদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হবে।
পরে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির সফরকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। গণপূর্ত বিভাগের উদ্যোগে প্রয়োজনীয় প্রস্তুতির পাশাপাশি পুরো এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করান।
মতামত