শপথ নিলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তিলাওয়াত করা হয়। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
ভোটার তালিকায় থাকা ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে নির্বাচনে ভোট দেন ৩৪৩ জন। নির্বাচনের ফলাফলের পর গেজেট প্রকাশের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।
শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মতামত