দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।
বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে তার শপথগ্রহণ অনুষ্ঠান। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিরাও বঙ্গভবনে আসতে শুরু করেছেন। অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে শপথ অনুষ্ঠান।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মতামত