প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে যুক্ত হতে যাচ্ছেন চারজন। শপথ গ্রহণে অংশ নিতে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ড. আবদুল মঈন খান, সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির শপথ শেষে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ নেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে।
এ ছাড়া সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে মন্ত্রিসভায় আরও কিছু পরিবর্তন আসতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হতে পারেন বলেও আলোচনা চলছে।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ গ্রহণের পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন বলে জানা গেছে।
মতামত