চট্টগ্রামের কক্সবাজারের উখিয়ায় সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) সক্রিয় সদস্য সন্দেহে নূর মোহাম্মদ (৪২) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই দিন কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে সন্দেহজনকভাবে চলাফেরার অভিযোগে সামসুল আলম ওরফে সামসু নামে আরও এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে উখিয়ার শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পের আওতাধীন ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে আটক করা হয়।
৮ এপিবিএন সূত্রে জানা যায়,গত ৭ নভেম্বর নারীঘটিত অভিযোগকে কেন্দ্র করে নূর মোহাম্মদকে অপহরণ করে জামতলী ক্যাম্পে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএমের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তফসীর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ এআরওর সক্রিয় সদস্য এবং এর আগে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ক্যাম্প এলাকায় বিভিন্ন নারীঘটিত অভিযোগ রয়েছে বলেও জানানো হয়।
এছাড়া তার বিরুদ্ধে উখিয়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। মামলা দুটি হলো ২০২২ সালের ২১ মার্চের ৯১ নম্বর মামলা এবং একই বছরের ২৫ সেপ্টেম্বরের ৯৩ নম্বর মামলা। উভয় মামলাই বর্তমানে আদালতে বিচারাধীন। আটক নূর মোহাম্মদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে,একই দিন সকাল ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরার অভিযোগে সামসুল আলম ওরফে সামসুকে গ্রেপ্তার করা হয়। পরে তার পরিচয় ও এফসিএন নম্বর যাচাই করা হয়।
বিকেল ৩টা ১০ মিনিটে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়ার ১৪ এপিবিএনের আওতাধীন লম্বাশিয়া ক্যাম্পের ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।
৮ এপিবিএন সূত্রে এসব তথ্য জানা গেছে।
মতামত