জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটিতে শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সরকারি এই ছুটিতে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রমও বন্ধ আছে। তবে এদিনের ছুটিতে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি জানান, গত ৫ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকার প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাধারন ছুটি ঘোষনা করায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
বন্দর সূত্রে জানা গেছে, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। বেনাপোল থেকে কোলকাতার দুরত্ব ৮৪ কিলোমিটার। এ কারণে এ পথে আমদানিকারকরা আমদানিতে আগ্রহ বেশি। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৩শ’ থেকে সাড়ে ৩শ’ পণ্য বোঝাই ট্রাক আসে ভারত থেকে। আর ১০০ ট্রাক পণ্য রপ্তানি হয় ভারতে। এ ছাড়াও শিল্প প্রতিষ্ঠানের কাচাঁ মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। এর আগে দুর্গা পূজায় টানা ৮ দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি। আবার সোমবার (৯ নভেম্বর) দীপাবলী (কালিপূজা) উপলক্ষে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন সরকার প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী যাতায়াত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, শারদীয় দূর্গাপূজার ছুটি শেষে শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বাংলাদেশের সরকারি ছুটিতে ও সোমবার দীপাবলীতে (কালিপূজা) ভারত সরকারের সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটিতে আজ শনিবার(৭ নভেম্বর) ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধের মধ্যে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। ৮ নভেম্বর (রবিবার) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, সরকারি ছুটির কারনে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সাথে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীগন স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন। #
মতামত