কৃষি শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল। গত বুধবার ( ৪ নভেম্বর) আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর হোটেল অর্নেটের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ)-এর উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষার আলোয় গড়ি আগামীর আলোকিত বাংলাদেশ’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রাপ্ত হন অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফেরদৌস আরা, সংগীতগুরু ওস্তাদ জাহাঙ্গীর আলম । এছাড়াও বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মাননা অর্জনের অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল বলেন, এ সম্মাননা আমার দীর্ঘদিনের শিক্ষা, গবেষণা ও কৃষির উন্নয়নে কাজ করার প্রচেষ্টার একটি স্বীকৃতি। একজন শিক্ষক ও গবেষক হিসেবে এটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তবে আমি মনে করি, এ অর্জন শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আমার সহকর্মী, শিক্ষার্থী এবং দেশের কৃষি গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। এ সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
দেশের কৃষিখাতে আরও অবদান রাখার তাগিদে ভবিষ্যৎ গবেষণার পরিকল্পনা তুলে ধরে বলেন, উদ্ভিদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, উপকারী অণুজীবের ব্যবহার, জীবাণুভিত্তিক জৈব সার ও জৈব বালাইনাশক উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তনজনিত উদ্ভিদ রোগ মোকাবিলায় কাজ চালিয়ে যেতে চাই। বর্তমানে আমার গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমার গবেষণায় উদ্ভাবিত পিজি- ট্রাইকোডার্মা প্রযুক্তির উন্নয়ন, মাঠপর্যায়ে কার্যকারিতা যাচাই এবং বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেওয়া। এ প্রযুক্তিতে উপকারী ছত্রাক ট্রাইকোডার্মা এসপেরেল্লাম ব্যবহার করে উদ্ভিদের বৃদ্ধি ও রোগ দমনে সহায়তা করার পাশাপাশি রাসায়নিক সার ও ছত্রাকনাশকের ব্যবহার কমানোর সম্ভাবনা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এছাড়া কলার পানামা রোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফসলের মাটিবাহিত রোগ ব্যবস্থাপনা, আলু ও টমেটোর ঢলে পড়া রোগ, সবজির রোগবালাইয়ের সমন্বিত ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে উদ্ভূত নতুন রোগঝুঁকি নিয়ে গবেষণা করছি। আমার লক্ষ্য শুধু গবেষণাপত্র প্রকাশ করা নয়; বরং গবেষণার উদ্ভাবনকে কৃষকের ব্যবহার উপযোগী প্রযুক্তিতে রূপান্তর করা।
মতামত