মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সাহিত্য,সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার প্রত্যয়ে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন’।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার আদমপুর বাজারসংলগ্ন তেতইগাঁওয়ের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ,ভারতের মণিপুর ও ত্রিপুরা থেকে বিশিষ্ট সাহিত্যিক, গবেষক,কবি,শিক্ষাবিদ ও শিল্পীরা অংশ নেন।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক নোংমাইথেম তোম্বীর সাহিত্যকর্ম ও অবদান নিয়ে আন্তর্জাতিক সেমিনার। ‘প্রফেসর নোংমাইথেম তোম্বী: অ্যা গ্রেট এক্সপোনেন্ট অব মণিপুরি লিটারেচার’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন বামসাস সেন্ট্রাল কমিটি,সিলেটের সভাপতি এল. প্রশান্ত কুমার সিংহ। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নামব্রম শংকর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিপুরার কবি ও নাট্যকার এল. কুমার সিংহ, ভান্ডারীগাঁও উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইবম বীরেন্দ্র সিংহ এবং ভারতের মণিপুর থেকে আগত গবেষক ও অধ্যাপক নোংমাইথেম তোম্বীর কন্যা ড. অনুরাধা নোংমাইথেম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ত্রিপুরার মণিপুরি সাহিত্য পরিষদের সভাপতি ও লেখক এল. বীরমঙ্গল সিংহ। স্বাগত বক্তব্য দেন বামসাস সেন্ট্রাল কমিটির সভাপতি এ কে শেরাম।
সম্মেলনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃদ্ধ্রাকপম সমেন্দ্র সিংহের পরিচালনায় এতে মণিপুর, সিলেট ও ভানুগাছ অঞ্চলের শিল্পীরা মণিপুরি নৃত্য ও লোকসংগীত পরিবেশন করেন।
দেশ-বিদেশ থেকে আগত সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী ও দর্শনার্থীদের উপস্থিতিতে সম্মেলনটি মণিপুরি সাহিত্য,সংস্কৃতি ও ঐতিহ্যের এক মিলনমেলায় পরিণত হয়।
মতামত