জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ের খাবারে (ভাত) রান্না করা বা সেদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুরে হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খাওয়ার সময় এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী আরেফিন তানভীর ভাতের মধ্যে টিকটিকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন। তিনি জানান, “দুপুরে ডাইনিংয়ে খেতে বসে প্লেটের অর্ধেক ভাত খাওয়ার পর দেখতে পাই প্লেটে একটি সেদ্ধ টিকটিকি পড়ে আছে। পরবর্তীতে বিষয়টি ডাইনিং পরিচালককে জানিয়ে অভিযোগ দিয়ে চলে আসি।”
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আবাসিক হলের খাবারের নিম্নমান ও চরম অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে তাঁরা বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবন নিয়ে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত ডাইনিংয়ের খাবারের মান ও সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি দায়িত্ব অবহেলার দায়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।
এ বিষয়ে অগ্নিবীণা হলের ডাইনিং পরিচালক জানান, দেওয়াল বা সিলিং দিয়ে টিকটিকি যাওয়ার সময় দুর্ঘটনাবশত খোলা ভাতের পাতিলে পড়ে যায়, যা কেউ তাৎক্ষণিকভাবে খেয়াল করতে পারেননি। ঘটনাটি জানার পরপরই ওই পাতিলের সব ভাত ফেলে দেওয়া হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে খাবারের টাকা ফেরত দিয়েছেন।
ঘটনা প্রসঙ্গে অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়েছি। দেওয়াল থেকে টিকটিকি হঠাৎ করে ভাতের গামলায় পড়ে যাওয়ায় এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে। ডাইনিং পরিচালক এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীকে খাবারের টাকা ফেরত দিয়েছেন। একই সঙ্গে সম্পূর্ণ পাতিলের ভাত পরিবেশন বন্ধ করা হয়। ডাইনিং কর্তৃপক্ষকে রান্না ও খাবার পরিবেশনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত