দিনাজপুরে জাতীয় সড়ক দিবস উদযাপন উপলক্ষে রোড শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ রোড শো অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পথচারী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দিনাজপুরের সহকারী পরিচালক রবিউল ইসলাম। এ ছাড়া সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ (এলজিইডি) বিভিন্ন সরকারি দপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তারা সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই কোথাও না কোথাও মানুষ আহত ও নিহত হচ্ছেন। একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, বরং একটি পরিবারকে দীর্ঘস্থায়ী কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের অনেককে সারা জীবন শারীরিক প্রতিবন্ধকতা ও দুর্ভোগ বয়ে বেড়াতে হয়। নিহত ব্যক্তির স্বজনদের কষ্টও দীর্ঘদিন থেকে যায়।
বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়ক আইন মেনে চলার বিকল্প নেই। চালক, পথচারী, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সতর্ক হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে সড়ক পারাপার এবং দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
মতামত